রংপুরের গঙ্গাচড়ার গান্নারপাড় গ্রামে তখনো ভোর, মানে ছিল কুয়াশাভেজা মাঠ, তিস্তার বাতাস আর স্কুলে যাওয়ার প্রস্তুতি। সেই গ্রামের এক সাধারণ শিক্ষক পরিবারের ছেলেটি হয়তো জানত না—একদিন তাঁর পথচলার গল্পই বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের তরুণদের অনুপ্রেরণার ভাষা হয়ে উঠবে। ছেলেটির নাম মুসনাদ ই আহমেদ।
একসময় মুসনাদ ই আহমেদ মাত্র ৭ হাজার টাকার বেতনে কল সেন্টারে চাকরি করতেন। আজ তাঁর নিজের গড়া প্রতিষ্ঠান স্কাইটেক সলিউশনসে ৯০০-এর বেশি কর্মী কাজ করছেন। গত জুন মাসে চট্টগ্রামের খুলশী কনভেনশন হলে অনুষ্ঠিত ‘বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং) সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’-এ দেখা হয় স্কাইটেক সলিউশনসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুসনাদ ই আহমেদের সঙ্গে। সেখানেই পরিচয়, এরপর ঢাকায় তাঁর পান্থপথ ও উত্তরা কার্যালয় ঘুরে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।