Tech
স্ট্যান্ডবাই মোডেও কি আপনার কথা শুনছে এলজির স্মার্ট টিভি?
স্মার্ট টিভিতে অনুষ্ঠান দেখা, গান শোনা কিংবা ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি ব্যবহারকারীর নানা তথ্যও সংগ্রহ করা হয়। তবে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপ্রতিষ্ঠান এলজির স্মার্ট টিভি নিয়ে সাম্প্রতিক এক তদন্তে আরও গুরুতর অভিযোগ উঠেছে
লেখক আহসান হাবীব45K বার পড়া

স্মার্ট টিভিতে অনুষ্ঠান দেখা, গান শোনা কিংবা ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি ব্যবহারকারীর নানা তথ্যও সংগ্রহ করা হয়। তবে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপ্রতিষ্ঠান এলজির স্মার্ট টিভি নিয়ে সাম্প্রতিক এক তদন্তে আরও গুরুতর অভিযোগ উঠেছে। তদন্তকারীদের দাবি, এলজির কিছু স্মার্ট টিভি ঘরের কথাবার্তা রেকর্ড করতে পারে এবং পরে ইন্টারনেটের মাধ্যমে এসব তথ্য প্রতিষ্ঠানের সার্ভারে পাঠাতে পারে। টিভি ‘স্ট্যান্ডবাই মোডে’ থাকা অবস্থাতেও এমনটি ঘটতে পারে বলে দাবি তাঁদের।
ইউটিউব চ্যানেল গেমার্স নেক্সাস ও লেভেল ১ টেকস দুই নিরাপত্তা বিশ্লেষকের সহায়তায় এই তদন্ত চালিয়েছে। তদন্তকারীরা বলছেন, এলজির স্মার্ট টিভি ব্যবহারকারীর দেখা কনটেন্টের তথ্য সংগ্রহ করার পাশাপাশি একই নেটওয়ার্কে যুক্ত অন্যান্য যন্ত্র, আশপাশের ওয়াই-ফাই নেটওয়ার্ক এবং টিভির মাইক্রোফোনের মাধ্যমে ধারণ করা অডিও সম্পর্কেও তথ্য সংগ্রহ করতে পারে। এসব তথ্য লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন দেখানোর কাজে ব্যবহার করা হয় বলেও তাঁদের দাবি। গেমার্স নেক্সাসের প্রধান স্টিভ বার্ক সংবাদমাধ্যম দ্য টাইমসকে বলেন, একটি টেলিভিশনকে এ ধরনের তথ্য সংগ্রহের ক্ষমতা দেওয়ার যৌক্তিকতা নেই। তাঁর মতে, এভাবে তথ্য সংগ্রহ করা ব্যবহারকারীর গোপনীয়তার জন্য গুরুতর উদ্বেগের বিষয়।



