অন্যদের ট্যাগ করা পোস্টগুলো নিজের প্রোফাইলের মূল গ্রিডে প্রদর্শনের সুযোগ চালু করেছে ইনস্টাগ্রাম। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে বন্ধু বা পরিচিত ব্যক্তিরা তাঁদের কোনো পোস্টে ট্যাগ করলে সেটি নতুন করে প্রকাশ না করেই সরাসরি নিজের প্রোফাইলে প্রদর্শন করা যাবে। ইনস্টাগ্রামের তথ্যমতে, ডিরেক্ট মেসেজের নোটিফিকেশন থেকে ট্যাগ করা পোস্ট সরাসরি প্রোফাইল গ্রিডে যুক্ত করা যাবে। তবে ব্যবহারকারীরা চাইলে ট্যাগ করা পোস্ট খুলে বা প্রোফাইলের ‘ট্যাগড’ অপশন থেকেও ট্যাগ করা পোস্ট নিজেদের প্রোফাইল গ্রিডে প্রদর্শন করতে পারবেন। পরে পোস্টটি প্রোফাইলে রাখতে না চাইলে সেটি গ্রিড থেকে সরিয়ে ফেলা গেলেও পোস্টটি মূল জায়গাতেই থাকবে। অর্থাৎ গ্রিড থেকে সরিয়ে দিলেও মূল পোস্ট মুছে যাবে না এবং নতুন কোনো কপিও তৈরি হবে না।