জলবায়ু পরিবর্তনের ভয়ংকর রূপ দেখছে বিশ্ববাসী। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের (সিথ্রিএস) তথ্যমতে, গত আগস্ট মাস এযাবৎকালে বিজ্ঞানীদের রেকর্ড করা মাসগুলোর মধ্যে সবচেয়ে উষ্ণতম ছিল। প্রশান্ত মহাসাগরে এল নিনোর প্রভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্য অনুযায়ী, গত আগস্টে বিশ্বজুড়ে গড় তাপমাত্রা ছিল ১৬.৯৬ ডিগ্রি সেলসিয়াস বা ৬২.৫২ ডিগ্রি ফারেনহাইট। এর আগে ২০২৩ সালের জুলাই মাসে সর্বোচ্চ ১৬.৯৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। সেই রেকর্ড ভেঙে আগস্ট মাস নতুন ইতিহাস গড়েছে। এ ছাড়া সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রাও রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।