পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় টাইরানোসরাস রেক্স বা টি-রেক্স ডাইনোসরের মৃত্যুরহস্য উন্মোচনের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের টেনেসির ওক রিডজ ন্যাশনাল ল্যাবরেটরির গবেষকেরা। প্রায় ৬৬ কোটি বছর আগে কানাডার মাটিতে ঘুরে বেড়ানো বিশাল এই ডাইনোসর কীভাবে মারা গিয়েছিল, নতুন এক গবেষণায় তা প্রকাশ করেছেন তাঁরা। গবেষকদের ধারণা, স্কটি নামের ৪২ ফুট বা প্রায় ১২ দশমিক ৮ মিটার দীর্ঘ এই দানবীয় শিকারি ডাইনোসর তার জীবনের শেষ সময়ে মারাত্মকভাবে আহত হওয়ার পর লোনা পানির এক জলাভূমিতে মারা গিয়েছিল।
বিশ্বের সবচেয়ে বড় টি-রেক্স ডাইনোসরের মৃত্যুরহস্য জানার জন্য গবেষকেরা শক্তিশালী নিউট্রন ইমেজিং প্রযুক্তি ব্যবহার করেন। এর ফলে কোনো ক্ষতি না করেই গবেষকেরা স্কটি নামের টি-রেক্স ডাইনোসরের জীবাশ্মীভূত হাড়ের ত্রিমাত্রিক ছবি তৈরি করতে সক্ষম হন। গবেষকদের তথ্যমতে, স্কটি ডাইনোসরের জীবাশ্মীভূত হাড় বিশ্লেষণ করে সেখানে রক্তনালির এক জালের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, শিংওয়ালা ট্রাইসেরাটপস প্রজাতির ডাইনোসর শিকার করতে গিয়ে অন্য ট্রাইসেরাটপসের শিংয়ের আঘাতে পাঁজর ভেঙে গিয়েছিল ডাইনোসরটির। এর ফলে শরীরের ভেতর রক্তনালির জাল তৈরি হয়েছিল। দ্রুত পচন না হওয়ার কারণে হাড়ের ভেতরের সূক্ষ্ম রক্তনালিগুলো চমৎকারভাবে সংরক্ষিত থাকে।