হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও যেকোনো ব্যক্তিকে অডিও বা ভিডিও কলে যুক্ত করার সুবিধা চালু হচ্ছে। নতুন এ সুবিধা চালু হলে ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ ইনস্টল বা অ্যাকাউন্ট না থাকলেও যেকোনো ব্যক্তিকে ওয়েব ব্রাউজারের একটি লিংকের মাধ্যমে হোয়াটসঅ্যাপে অডিও বা ভিডিও কলে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া যাবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউআবেটাইনফো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বর্তমানে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিদের টেক্সট কথোপকথনে যুক্ত হওয়ার জন্য ‘গেস্ট চ্যাট’ সুবিধা রয়েছে। এই সুবিধায় একটি লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট ছাড়াই হোয়াটসঅ্যাপে কথোপকথনে অংশ নেওয়া যায়। নতুন কল সুবিধাটিও একই পদ্ধতির ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। ফলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকলেও যেকোনো ব্যক্তি অডিও বা ভিডিও কলে যুক্ত হতে পারবেন। নতুন এ সুবিধা ব্যবহারের জন্য প্রথমে হোয়াটসঅ্যাপের ‘কলস’ ট্যাব থেকে কলের লিংক তৈরি করতে হবে। এরপর ফোনকলের ধরন নির্বাচন করে লিংকটি  বার্তা, ই–মেইল বা অন্য কোনো মাধ্যমে পাঠাতে হবে। প্রাপক লিংকে প্রবেশ করলেই ওয়েব ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ওয়েবের কলের পর্দা চালু হবে। সেখান থেকেই ব্যবহারকারী কলে যুক্ত হতে পারবেন।