দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের প্রায় পাঁচ দশকের চড়াই-উতরাই, ঐতিহাসিক মাইলফলক ও বর্তমান বাস্তবতা নিয়ে প্রকাশিত হয়েছে আইসিটি উদ্যোক্তা আব্দুল্লাহ এইচ কাফির নতুন বই ‘বাংলাদেশে তথ্যপ্রযুক্তির অতীত-বর্তমান ১৯৭৯-২০২৬’। বইটিতে দেশের প্রযুক্তি খাতের উন্মেষ থেকে শুরু করে বর্তমান বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে বাংলাদেশের অবস্থান বিশদভাবে তুলে ধরা হয়েছে।
বইটিতে ১৯৬০-এর দশকে দেশে প্রথম কম্পিউটারের আগমন, ১৯৮০-এর দশকে মাইক্রোকম্পিউটারের পরিচিতি এবং তরুণদের হাত ধরে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) প্রতিষ্ঠার নেপথ্য ইতিহাস বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ১৯৯৩ সালে ঢাকায় দেশের প্রথম কম্পিউটার মেলা, ইন্টারনেটের জন্য ভিস্যাট উন্মুক্ত করার লড়াই, ১৯৯৮ সালের ঐতিহাসিক শুল্কমুক্ত কম্পিউটার আন্দোলন, বিসিএস কম্পিউটার সিটি প্রতিষ্ঠা এবং পাঠ্যবইয়ে উইন্ডোজ ও কম্পিউটারশিক্ষাকে যুক্ত করার মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলো লেখকের নিজস্ব অভিজ্ঞতার আলোকে জানা যাবে।