শিশুরা নানাভাবে ভাষা শেখে। পরিবার থেকে শুরু করে সামাজিক নানা বিষয় শিশুর ভাষা বিকাশে ভূমিকা পালন করে। কয়েক বছর ধরে শিশুদের হাতেও দেখা যাচ্ছে মুঠোফোনসহ নানা ধরনের ডিজিটাল যন্ত্র। এসব যন্ত্র ভাষা শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের তিন থেকে আট বছর বয়সী ৫০ শিশুর ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ৮০ শতাংশ শিশু বিনোদনমূলক কনটেন্ট দেখে, আর সন্তানের পর্দা (স্ক্রিন) ব্যবহারের সময় সব সময় পাশে থাকেন মাত্র ২০ শতাংশ অভিভাবক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের এক এমফিল গবেষণায় দেখা গেছে, শিশুর ভাষা ও বাচনিক দক্ষতা বিকাশে স্ক্রিনে ব্যয় করা সময়ের পরিমাণের চেয়ে আধেয় বা কনটেন্টের ধরন এবং শিশুর সক্রিয় অংশগ্রহণ বেশি গুরুত্বপূর্ণ। ‘শিশুদের বাক ও ভাষা বিকাশে স্ক্রিন টাইমের প্রভাব: বাংলাদেশ প্রেক্ষাপট’ শিরোনামের এক গবেষণায় এসব তথ্য প্রকাশ করা হয়েছে। অধ্যাপক হাকিম আরিফের তত্ত্বাবধানে গবেষণাটি করেছেন মো. জাহিদ হোসাইন খান।