ভিডিওর কমেন্ট বা মন্তব্য বিভাগে একসঙ্গে একাধিক নতুন সুবিধা যুক্ত করছে টিকটক। নতুন সুবিধাগুলো কাজে লাগিয়ে মন্তব্য বিভাগে বার্তা লেখার পরিবর্তে সর্বোচ্চ এক মিনিটের ভয়েস বার্তা পাঠানোর পাশাপাশি ভোট বা পোল আয়োজন করা যাবে। শুধু তা–ই নয়, চাইলে একসঙ্গে সর্বোচ্চ নয়টি ছবি যুক্ত করার সুযোগও মিলবে। বিশ্বজুড়ে ধাপে ধাপে সুবিধাগুলো চালু করা হবে বলে জানিয়েছে টিকটক।
টিকটকের তথ্যমতে, ব্যবহারকারীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি কথোপকথনকে প্রাণবন্ত করতেই নতুন সুবিধাগুলো চালু করা হচ্ছে। এত দিন মন্তব্য বিভাগে মূলত বার্তা লেখার পাশাপাশি ছবি দিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানানো যেত। নতুন সুবিধাগুলো চালু হলে ব্যবহারকারীরা নিজেদের মতামত আরও ভালোভাবে প্রকাশের সুযোগ পাবেন। নতুন সুবিধার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ‘ভয়েস কমেন্ট’। সুবিধাটির মাধ্যমে মাইক্রোফোন আইকনে ট্যাপ করে সর্বোচ্চ এক মিনিটের ভয়েস বার্তা ধারণ করা যাবে। ধারণ করা বার্তাটি কমেন্ট হিসেবে পোস্ট করার পর অন্য ব্যবহারকারীরা সেটি শুনতে পারবেন। ভয়েস কমেন্টেও টিকটকের কমিউনিটি গাইডলাইন কার্যকর থাকবে। নীতিমালা লঙ্ঘন করে এমন বক্তব্য শনাক্ত করতে স্বয়ংক্রিয় প্রযুক্তির পাশাপাশি কর্মীদেরও সহায়তা নেওয়া হবে।