দূরবর্তী নক্ষত্রের চারপাশে ভিনগ্রহ আবিষ্কার করা একধরনের লটারি জেতার মতো ঘটনা। কারণ, কোনো বহির্গ্রহ বা এক্সোপ্ল্যানেটকে একঝলক দেখতে হলেও সঠিক সময়ে সঠিক নক্ষত্রের দিকে সঠিক দৃষ্টিকোণ থেকে তাকাতে হয়। তবে এবার মহাকাশে শনাক্ত করা একটি গ্রহ হঠাৎ অদৃশ্য হয়ে গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বিশালাকায় গ্রহটির এই নজিরবিহীন অদৃশ্য হয়ে যাওয়ার তথ্য সম্প্রতি দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারসে প্রকাশিত হয়েছে।
বিজ্ঞানীদের তথ্যমতে, ‘টিওআই-২৫৩৫বি’ নামের গ্রহটির একটি লুকানো সঙ্গী গ্রহ রয়েছে। এই দুটি গ্রহ মহাকর্ষীয় টানে একে অপরকে ধাক্কা দিয়ে তাদের মাতৃ নক্ষত্রের চারপাশে এক জটিল কক্ষপথে অবস্থান করছে। এদের মাতৃ নক্ষত্রের নাম টিওআই-২৫৩৫। এটি সূর্যের চেয়ে সামান্য ছোট এবং প্রায় ৯৭০ কোটি বছর বয়সী একটি কে-বামন বা কে-ডোয়ার্ফ নক্ষত্র। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ১ হাজার ১০০ আলোকবর্ষ।