যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার দূষণ, নির্মাণকাজের ধুলাবালু ও প্রতিকূল আবহাওয়ার কারণে এলাকাভেদে বায়ুদূষণের মাত্রা কম–বেশি হয়ে থাকে। তবে চাইলেই গুগল ম্যাপসের ‘এয়ার কোয়ালিটি’ সুবিধা কাজে লাগিয়ে যেকোনো সময় নিজ এলাকার বাতাসের মান ভালো না খারাপ, তা জানা যায়। গুগল ম্যাপসে নির্দিষ্ট এলাকার বাতাসের মান জানার পদ্ধতি জেনে নেওয়া যাক।
অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা যেকোনো স্মার্টফোনের মাধ্যমে বাতাসের মান জানার জন্য প্রথমে গুগল ম্যাপস অ্যাপের সর্বশেষ সংস্করণ চালু করতে হবে। এরপর এলাকার নাম, ঠিকানা বা পরিচিত কোনো স্থাপনার নাম লিখে সার্চ করতে হবে। চাইলে ফোনের লোকেশন সুবিধা চালু করে নিজের বর্তমান অবস্থানও নির্বাচন করা যাবে। এবার ওপরের ডানদিকে থাকা ‘লেয়ারস’ আইকনে ট্যাপ করতে হবে। এরপর লেয়ারস অপশনে প্রবেশ করে ‘এয়ার কোয়ালিটি’ নির্বাচন করলেই মানচিত্রে বিভিন্ন রঙের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার বাতাসের মান দেখা যাবে।