বাংলাদেশের প্রচলিত ইটভাটার পরিচালন পদ্ধতিতে সামান্য কিছু পরিবর্তন এনে বায়ুদূষণ ও জ্বালানি খরচ কমানোর পাশাপাশি ইটের মানোন্নয়ন সম্ভব। যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের আইসিডিডিআরবির গবেষকদের দীর্ঘমেয়াদি এক যৌথ গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষণাটি সায়েন্স ও প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস–এ (পিএনএএস) প্রকাশিত হয়েছে।
বিশ্বে চতুর্থ বৃহত্তম ইট উৎপাদনকারী দেশ বাংলাদেশে প্রায় ৮ হাজার প্রচলিত ইটভাটা দেশের ৯০ শতাংশের বেশি চাহিদা মেটায়, যা বায়ুদূষণের অন্যতম প্রধান উৎস। গবেষকেরা বড় কোনো যন্ত্রপাতি পরিবর্তন না করেই ভাটায় কয়লা দেওয়ার পদ্ধতি এবং বাতাস চলাচলের সুবিধার্থে ইট সাজানোর কৌশলে কিছু পরিবর্তন আনেন। এর ফলে ভাটাগুলোতে জ্বালানি খরচ ৯ দশমিক ৬ শতাংশ কমেছে এবং উন্নত মানের ইট উৎপাদন ৮ দশমিক ১ শতাংশ বেড়েছে। পাশাপাশি কার্বন ডাই-অক্সাইড ও ক্ষতিকর সূক্ষ্ম বস্তুকণা (পিএম–২.৫) নিঃসরণ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।