লুটেসিয়াম মৌল ব্যবহার করে বিশ্বের সবচেয়ে নির্ভুল পারমাণবিক ঘড়ি তৈরি করেছেন সিঙ্গাপুরের সেন্টার ফর কোয়ান্টাম টেকনোলজিসের গবেষকেরা। তাঁদের দাবি, নতুন ঘড়িটি দশমিকের পর উনিশ ঘর পর্যন্ত সময় নিখুঁতভাবে পরিমাপ করতে পারে। এই ঘড়িতে ১ সেকেন্ড হারাতে ২৬০ বিলিয়ন বছরের বেশি সময় লাগবে। নতুন এই আবিষ্কার সময় পরিমাপের পদ্ধতি পাল্টে দেওয়ার পাশাপাশি পদার্থবিজ্ঞানের অনেক অজানা রহস্য উন্মোচন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের গবেষক মারে ব্যারেট জানান, এটি বর্তমান বিশ্বের সবচেয়ে নিখুঁত ঘড়ি। পারমাণবিক ঘড়ি পরমাণুর ইলেকট্রনের শক্তির স্তর পরিবর্তনের মধ্য দিয়ে সময়ের গতি হিসাব করে। গত শতাব্দীর ষাট দশক থেকে সিজিয়াম পরমাণু বিশ্বব্যাপী সময়ের মান ঠিক করে আসছে এবং জিপিএস ও যোগাযোগ নেটওয়ার্ক সচল রাখছে। ইটারবিয়াম ও স্ট্রনশিয়ামের মতো অন্যান্য মৌল সিজিয়ামের তুলনায় অনেক দ্রুত অসিলেট করায় আরও বেশি নির্ভুলতা দিতে পারে।