কারাগারে থাকা সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে অ্যাম্বুলেন্সে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আনা-নেওয়া করার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ বুধবার এ আবেদন করেন তাঁর আইনজীবী বদিউজ্জামান তপাদার।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার আছেন কামরুল ইসলাম।
শুনানিতে আজ আইনজীবী বদিউজ্জামান তপাদার বলেন, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম অসুস্থ। তাঁকে প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে আনা-নেওয়া করা হয়। এ সময় ঝাঁকুনিতে তাঁর শারীরিক জটিলতা তৈরি হয়। সে কারণে তাঁকে অ্যাম্বুলেন্সে করে আনা-নেওয়া করার আবেদন করা হয়েছে।