দূর থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখে অনেকেই তাকিয়ে ছিলেন, কোথাও আগুন লাগল কি না। গত মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে হঠাৎ করেই এ অবস্থা। আসলে বাজারের একটি রাস্তার পাশে পড়ে থাকা আবর্জনা জ্বালানো হচ্ছিল। কাছে গিয়ে দেখা গে
দূর থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখে অনেকেই তাকিয়ে ছিলেন, কোথাও আগুন লাগল কি না। গত মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে হঠাৎ করেই এ অবস্থা। আসলে বাজারের একটি রাস্তার পাশে পড়ে থাকা আবর্জনা জ্বালানো হচ্ছিল। কাছে গিয়ে দেখা গেল, পোড়ানো হচ্ছে নানা আবর্জনা। আছে শুকিয়ে যাওয়া সবজি, খড়, পুরোনো কাপড় থেকে শুরু করে টায়ার পর্যন্ত। যখন ঘটনাস্থলে গেলাম, তখন পাশের এক ভবন থেকে পাইপে পানি দিয়ে আগুন নেভানো হচ্ছে। কিন্তু ধোঁয়া ছড়াচ্ছে বেশ। এ বাজারে, বিশেষ করে শীতের সময় এভাবে আবর্জনা পোড়ানো হয়। পোড়ানোর জায়গায় লোকজন জড়ো হয়ে গেছে। প্রায় কারও মুখেই মাস্ক নেই। তাঁদের একজন খলিল বলছিলেন, ‘আগুন লাগানো তো খারাপ। ধোঁয়া তো বুকে ঢুইক্যা যায়, কাশি হয়।’
রাজধানীর বিভিন্ন স্থানে আবর্জনা পোড়ানো নিত্যদিনের ঘটনা। কিন্তু এ ধোঁয়া মানুষের শরীরে কী মারাত্মক প্রতিক্রিয়া তৈরি করে তা নিয়ে ভাবনাও নেই।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ঢাকার বিভিন্ন স্থানে বর্জ্য পোড়ানোর ফলে সিসা, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম ও নিকেলের মতো ভারী ধাতু বাতাসে ছড়াচ্ছে। এসব ধাতুর মধ্যে সিসা ও ক্যাডমিয়ামের কারণে দীর্ঘ মেয়াদে ক্যানসারের ঝুঁকি তৈরি হতে পারে। শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি প্রাপ্তবয়স্কদের তুলনায় বেশি। ঢাকা শহরের ৩০টি স্থান থেকে সংগৃহীত বর্জ্য পরীক্ষা করে এমন তথ্য পেয়েছেন একদল গবেষক।‘অ্যাসেসমেন্ট অব হেভি মেটালস অ্যান্ড লেভোগ্লুকোসান এমিশনস ফ্রম মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট বার্নিং ইন ঢাকা অ্যান্ড ইটস ইমপ্যাক্ট অন হিউম্যান হেলথ’ শীর্ষক গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সাময়িকী এনভায়রনমেন্ট, ডেভেলপমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটিতে। গবেষণায় যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) কয়েকটি প্রতিষ্ঠানের গবেষকেরা।
যেভাবে গবেষণা
গবেষকেরা আবাসিক এলাকা, বাজার, সড়কের পাশ, চিকিৎসাপ্রতিষ্ঠান ও বর্জ্য ফেলার স্থানসহ ৩০টি জায়গা থেকে বর্জ্যের নমুনা সংগ্রহ করেন। প্রতিটি নমুনার ৫০০ গ্রাম একটি বিশেষভাবে তৈরি ইস্পাতের চেম্বারে পোড়ানো হয়। বর্জ্য পোড়ানোর ধোঁয়া পাইপের মাধ্যমে নিয়ে ফিল্টারে আটকে রাখা হয়। পরে সেই ফিল্টার পরীক্ষা করে ধোঁয়ায় থাকা বিভিন্ন দূষকের পরিমাণ নির্ণয় করা হয়।
কতুটুক দূষক পাওয়া গেল
গবেষণায় বর্জ্য পোড়ানোর ধোঁয়ায় প্রতি ঘনমিটারে সিসার গড় ঘনত্ব পাওয়া গেছে ২৮ দশমিক ৩৬ মাইক্রোগ্রাম। ক্যাডমিয়ামের গড় ঘনত্ব ১২ দশমিক ২৩, ক্রোমিয়ামের ২৬ দশমিক ৯৬ এবং নিকেলের ১০ দশমিক ৭৫ মাইক্রোগ্রাম। তবে স্থানভেদে এসব ধাতুর ঘনত্বে বড় ধরনের পার্থক্য ছিল। গবেষকদের ধারণা, বর্জ্যের ধরন ও পোড়ানোর পদ্ধতির ভিন্নতার কারণে এমন পার্থক্য হয়েছে।
এ গবেষণার নেতৃত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ও খ্যাতনামা গবেষক অধ্যাপক আব্দুস সালাম। তিনি বলেন, ঢাকার বায়ুদূষণ এবং এর উৎস নিয়ে নানা কাজ হয়েছে। আমরা সম্ভবত প্রথমবারের মতো পোড়া ধোঁয়া থেকে কী পরিমাণ দূষণ হয়, তা দেখতে চেয়েছি। আর এ চিত্র মারাত্মক। ধোঁয়ার এ দূষণ আমাদের বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
ক্যানসারের ঝুঁকি কতটা
গবেষকেরা ধাতুগুলোর সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি নিরূপণে যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিএ) স্বীকৃত গাণিতিক মডেল ব্যবহার করেছেন। এতে ক্যানসারের ঝুঁকি (সিআর) এবং ক্যানসারবহির্ভূত স্বাস্থ্যঝুঁকি (এইচআই) হিসাব করা হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, ইপিএর হিসাবে ক্যানসারের ঝুঁকির সূচক ১০ লাখে ১ থেকে ১০ হাজারে ১ পর্যন্ত থাকলে তা সাধারণত গ্রহণযোগ্য ঝুঁকির পরিসর হিসেবে বিবেচিত হয়। গবেষকদের হিসাবে, সিসা ও ক্যাডমিয়ামের ক্ষেত্রে এই সূচক এই পরিমাণ ছাড়িয়েছে। অন্যদিকে ক্রোমিয়াম ও নিকেলের ক্ষেত্রে সূচকটি ওই সীমার মধ্যে অথবা নিচে ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক শিমুল হালদার মনে করেন, গবেষণায় লেভোগ্লুকোসানের উপস্থিতির কথা বলা হয়েছে। এটি মূলত কাঠ, খড় ও অন্যান্য উদ্ভিজ্জ জৈব পদার্থ পোড়ানোর সময় সেলুলোজের তাপীয় ভাঙনের ফলে তৈরি হওয়া একটি রাসায়নিক যৌগ। আমাদের ফুসফুসের কাজ হলো, শ্বাস গ্রহণের সময় খারাপ উপাদানগুলো ছাঁকনির মাধ্যমে শোধন করা। কিন্তু ধোঁয়ার ভেতরে থাকা এসব অতিক্ষুদ্র কণা এক পর্যায়ে বের হতে পারে না, বাধাগ্রস্ত হয়। তখন ফুসফুসে স্থায়ী সমস্যার সৃষ্টি হতে পারে।
গবেষণাটি করা হয়েছে চেম্বারে বর্জ্য পুড়িয়ে নির্গত ধোঁয়া পরীক্ষা করে। মানুষের প্রকৃত ঝুঁকি নির্ভর করবে দূষণের মাত্রা, বর্জ্য পোড়ানোর স্থান থেকে দূরত্ব, বাতাসের গতি এবং কতক্ষণ ওই ধোঁয়ার মধ্যে থাকতে হচ্ছে—এসব বিষয়ের ওপরও।
কোন এলাকায় কোন ধাতুর উপস্থিতি বেশি
গবেষণায় দেখা গেছে, আর্সেনিক ও ক্রোমিয়ামের সর্বোচ্চ ঘনত্ব পাওয়া গেছে পুরান ঢাকার আরমানিটোলায়। গবেষকদের ধারণা, ই-বর্জ্য ও বিশেষ প্রক্রিয়ায় প্রক্রিয়াজাত সামগ্রী পোড়ানোর কারণে সেখানে আর্সেনিকের উপস্থিতি বেশি হতে পারে। আরমানিটোলায় ক্রোমিয়ামের বেশি ঘনত্বের সম্ভাব্য কারণ হিসেবে চামড়াজাত বর্জ্য, টায়ারের টুকরা ও ক্রোমিয়াম দিয়ে প্রক্রিয়াজাত সামগ্রী পোড়ানোর কথা উল্লেখ করেছেন তাঁরা।
অন্যদিকে আজিমপুর ও মহাখালীতে সিসার ঘনত্ব তুলনামূলক বেশি পাওয়া গেছে। গবেষকদের ধারণা, সিসা-অ্যাসিড ব্যাটারির বর্জ্য এবং প্লাস্টিকসমৃদ্ধ বর্জ্য পোড়ানোর কারণে এমনটি হতে পারে। ক্যাডমিয়ামের বেশি ঘনত্ব পাওয়া গেছে নিউ ইস্কাটন রোডের নমুনায়। সেখানে প্লাস্টিক, রং তৈরির উপাদান (পিগমেন্ট) ও কয়লার ছাইযুক্ত বর্জ্য থাকার সম্ভাবনার কথা বলেছেন গবেষকেরা।
গবেষণায় সিসার সর্বোচ্চ ঘনত্ব পাওয়া নমুনার স্থান হিসেবে আজিমপুর ও মহাখালীর কথা উল্লেখ করা হলেও ক্যাডমিয়ামের সর্বোচ্চ ঘনত্বের নির্দিষ্ট পরিমাণ নিউ ইস্কাটন রোডের জন্য আলাদাভাবে বলা হয়নি। নিকেলের ঘনত্ব প্রতি ঘনমিটারে ২ দশমিক ৪৪ থেকে ৬৩ দশমিক ৬৭ মাইক্রোগ্রামের মধ্যে ছিল। তবে নিকেলের সর্বোচ্চ ঘনত্ব কোন এলাকায় পাওয়া গেছে, তা গবেষণাপত্রের মূল লেখায় উল্লেখ নেই।
বর্জ্য ব্যবস্থাপনাতেই ত্রুটি
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী ঢাকার বায়ুদূষণে ১১ শতাংশ অবদান বর্জ্যের ধোঁয়ার। তবে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (বায়ুমান) মোহাম্মদ আব্দুল মোতালিব মনে করেন, বাস্তবে এর অবদান আরও বেশি। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ঢাকার বায়ুদূষণে স্থানীয় বর্জ্য একটি বড় উৎস। কিন্তু এ বর্জ্যের সেই অর্থে ব্যবস্থাপনা নেই। যদি এত বর্জ্য উৎপাদিত হয়, তবে একে তো পোড়ানো হয়। তখন স্বাভাবিকভাবেই দূষণ সৃষ্টি হয়।
এই বর্জ্যদূষণ রোধে পরিবেশ অধিদপ্তর কী করছে? প্রশ্নের জবাবে আব্দুল মোতালিব, ব্যক্তি পর্যায় থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক সব পর্যায়ে এসব পোড়ানো হয়। ব্যক্তি পর্যায়ে অধিদপ্তরের দল যাওয়ার সঙ্গে সঙ্গে তা নিঃশেষ করে ফেলা হয়। প্রাতিষ্ঠানিক পর্যায়ে অনেককেই জরিমানা করা হয়। কিন্তু এই বিপুল বর্জ্যের ব্যবস্থাপনা না থাকলে কী করে সম্ভব?