২০০৯ সালে দেশে মাত্র ১২৯ কেজি কিউই আমদানি হয়েছিল। চলতি বছরের প্রথম ১০ মাসেই আমদানি হয়েছে ২৪ হাজার কেজির বেশি। দেশের মাটিতেও ফলটি উৎপাদনের পথ খুঁজছেন গবেষকেরা। গত বছর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) একদল গবেষক পরীক্ষাগারে কিউইগাছের চারা তৈরিতে সফল হয়েছেন।
ফলটির আদি নিবাস চীন। অথচ নাম শুনলে মনে হয় নিউজিল্যান্ডের। বাদামি রঙের লোমশ খোসা, ভেতরে সবুজ শাঁস। স্বাদে মিষ্টি, কিছুটা টক। ফলটির নাম কিউই। একসময় বাংলাদেশের বাজারে খুব একটা দেখা যেত না। এখন পরিচিত সব বিদেশি ফলের পাশে জায়গা করে নিচ্ছে কিউই। দাম অবশ্য এখনো চড়া। চট্টগ্রামের কোনো কোনো দোকানে একেকটি ফল কিনতে গুনতে হচ্ছে ১৭৫ থেকে ২০০ টাকা।