এ যেন শতবর্ষ পেছনে ফিরে যাওয়া এক সন্ধ্যা! একদল গানেই ছুড়ে দিচ্ছে প্রশ্ন, প্রতিপক্ষ দল তার উত্তর দিচ্ছে সুরে-ছন্দে। কখনো ব্যঙ্গ, কখনো হাস্যরস, কখনো তর্ক; এর সঙ্গে অভিনয় আর বাদ্যের মিশেল। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে যেন ফিরে এসেছিল শতবর্ষ আগের বাংলার লেটোর আসর। যে আসরের সঙ্গে জড়িয়ে আছে কিশোর কাজী নজরুল ইসলামের কবি ও শিল্পী হয়ে ওঠার গল্প।
নজরুল বর্ষ উদ্‌যাপনের ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা ‘নজরুলের লেটোগান ও কবিগান’। বহুল পরিচিত গান-কবিতার বাইরে নজরুলের সৃষ্টির লোকায়ত একটি অধ্যায় দর্শকের সামনে তুলে ধরাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।