বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান বাবার পথে না হেঁটে পরিচালনায় নিজের পরিচিতি তৈরি করছেন। নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ দিয়ে পরিচালনায় অভিষেক হয়েছে তাঁর। তবে বাবার সঙ্গে ছেলের তুলনা প্রায়ই উঠে আসে। চেহারা থেকে শুরু করে কথা বলার ধরন, বিভিন্ন বিষয়ে শাহরুখের সঙ্গে আরিয়ানের মিল খুঁজে পান অনেকে। এবার বাবার সঙ্গে এই তুলনা নিয়ে মুখ খুলেছেন আরিয়ান নিজে। তাঁর কথায়, এই তুলনাকে তিনি মোটেও চাপ হিসেবে দেখেন না, বরং প্রশংসা হিসেবেই নেন।
সম্প্রতি টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখের সঙ্গে তাঁর তুলনা প্রসঙ্গে কথা বলেছেন আরিয়ান। তিনি বলেন, ‘সবার সঙ্গেই তাঁর (শাহরুখ) তুলনা করা হয়। সেই তালিকায় আমি থাকলে সমস্যা কোথায়? নম্বর ওয়ান ব্যক্তির সঙ্গে তুলনাকে আমি প্রশংসা হিসেবেই দেখি। তিনি অসাধারণ।’