বাংলা চলচ্চিত্রে নায়ক এসেছেন অনেক, সুপারস্টারও কম নন। তবে একটি জায়গায় এসে যেন সবাই একমত—‘মহানায়ক’ আজও একজনই, উত্তমকুমার। প্রজন্মের পর প্রজন্ম পেরিয়েছে, বদলেছে সিনেমার ভাষা, সিনেমা দেখার মাধ্যমও। কিন্তু তাঁর হাসি, চোখের ভাষা, সংলাপ বলার ভঙ্গি কিংবা পর্দায় উপস্থিতির আবেদন এতটুকুও ম্লান হয়নি। আজ ৩ সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রের সেই মহানায়কের জন্মশতবর্ষ। ১৯২৬ সালের এই দিনে কলকাতার আহিরীটোলায় মামাবাড়িতে জন্মেছিলেন তিনি।
সুনিপুণ অভিনয়দক্ষতা, নিজেকে ক্রমাগত ভাঙার ক্ষমতা আর চরিত্রের সঙ্গে মিলেমিশে যাওয়ার সহজাত গুণ তাঁকে অন্যদের চেয়ে আলাদা করেছিল। তাঁর সিনেমাগুলোর দিকে তাকালেই বোঝা যায় সেই বৈচিত্র্য। সুচিত্রা সেনের বিপরীতে ‘সাড়ে চুয়াত্তর’-এর রোমান্টিক নায়ক থেকে সত্যজিৎ রায়ের ‘নায়ক’-এর অরিন্দম মুখার্জি—সময়ের সঙ্গে নিজেকে বদলেছেন অবলীলায়। ‘ঝিন্দের বন্দী’তে দ্বৈত চরিত্র, ‘চিড়িয়াখানা’য় ব্যোমকেশ বক্সী কিংবা ‘অ্যান্টনি ফিরিঙ্গি’র নাম ভূমিকায়ও তিনি একেবারে অন্য মানুষ।