মশা মেরে ফেলা কিংবা মশার কামড় এড়িয়ে চলার বদলে এর শরীরে বিশেষ একধরনের উপকারী ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে ডেঙ্গু মোকাবিলার নতুন পদ্ধতি পরীক্ষা করেছেন ব্রাজিলের বিজ্ঞানীরা। গবেষণায় আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে।
গত শনিবার একটি আন্তর্জাতিক সম্মেলনে গবেষকেরা এ গবেষণার ফলাফল তুলে ধরেন। বিশ্বের ডেঙ্গুপ্রবণ দেশগুলোর অন্যতম ব্রাজিলে কয়েক হাজার শিশুর ওপর এ গবেষণা চালানো হয়।
গবেষকেরা লাখ লাখ এডিস ইজিপ্টাই মশার শরীরে পরীক্ষাগারে ওলবাকিয়া নামের একটি প্রাকৃতিক ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে সেগুলো অবমুক্ত করেন। সাধারণত এ প্রজাতির মশার শরীরে ব্যাকটেরিয়াটি থাকে না। তবে অন্য অনেক প্রজাতির কীটপতঙ্গের শরীরে এটি প্রাকৃতিকভাবেই পাওয়া যায়।