ইরানের এক গায়িকা ও তাঁর প্রযোজনা দলের চার সদস্যকে ৭৪টি করে বেত্রাঘাত করা হয়েছে। ‘অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু তৈরি ও প্রকাশের মাধ্যমে জনশালীনতা লঙ্ঘনের’ অভিযোগে তাঁদের এই শাস্তি দেওয়া হয়েছে। গতকাল সোমবার ইরানের একটি সংবাদ ওয়েবসাইট এ তথ্য জানিয়েছে।
আইনজীবী মোস্তফা নিলির বরাত দিয়ে ইমতেদাদ ওয়েবসাইটের খবরে বলা হয়, গায়িকা পারাস্তো আহমাদি ও তাঁর দলের ওই চার সদস্যের ওপর আরও দুটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামী দুই বছর তাঁরা কোনো শৈল্পিক ও সংগীতসংক্রান্ত কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। একই সময়ে তাঁদের ভ্রমণের ওপরও নিষেধাজ্ঞা থাকবে।