ইসরায়েলে কোনো দল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে হটাতে চাইলে সেই দলকে তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলে আরবদের কয়েকটি দলের জোট জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসেফ জাবারিন। ইসরায়েলের নির্বাচনের আংশিক ফলে আরবদের নেতৃত্বাধীন দলগুলো নজিরবিহীনভাবে ১৯টি আসনে জয় পাওয়ার আভাস আসার পরিপ্রেক্ষিতে এই আহ্বান জানিয়েছেন তিনি।
ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১৩–কে জাবারিন বলেছেন, ‘যারা সত্যিকার অর্থে নেতানিয়াহুর রক্তপাতের সরকারের বিকল্প কিছু দিতে চান, ইসরায়েলের জনগণ যে পরিবর্তন আকাঙ্ক্ষা করছে, তার পথ তৈরি করতে হলে তাঁদের আমাদের সঙ্গে কথা বলতে হবে।’ তিনি আরও বলেন, ‘হয় বর্ণবাদ, বঞ্চনা ও আধিপত্যবাদ চলতে থাকবে, নয়তো ইহুদি ও আরবদের মধ্যে প্রকৃত অংশীদারত্ব গড়ে উঠবে।’