রামলীলা ময়দানে ১ নভেম্বর জনসভার অনুমতি দিলেও ‘ইন্ডিয়া’ জোট ও বিরোধীদের শর্তে শর্তে জেরবার করে তুলছে দিল্লি পুলিশ। সবচেয়ে বড় শর্ত, দিল্লির বাইরে থেকে যাঁরাই বাস, ট্রাক, ট্রাক্টর অথবা অন্য যানবাহনে চেপে জনসভায় আসবেন, তাঁদের গাড়ি দিল্লির সীমান্তে রাখতে হবে। কোনোভাবেই তাঁদের দিল্লির অভ্যন্তরে আনা যাবে না।
এর কারণ, দূষণ। দিল্লিতে যান চলাচলের জন্য গাড়ির দূষণ রোধে যে ধরনের ইঞ্জিনের অনুমতি (বিএস ৫) রয়েছে, পুলিশের অনুমান, বাইরের রাজ্যের বাস বা ট্রাকের ইঞ্জিন সেই মানের হবে না। কাজেই সেই ধরনের যানবাহন দিল্লিতে ঢুকতে দিলে দূষণ বাড়বে। তাই তাদের দিল্লির বাইরে রাখার শর্ত চাপানো হয়েছে।