ভারতের পদুচেরির ইয়ানাম উপকূল দিয়ে স্থলভাগে আছড়ে পড়তে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’।
গতি বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই বুধবার ভোররাত থেকে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করা শুরু করে। ঘূর্ণিঝড়টির অগ্রভাগের প্রভাবে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে তুমুল বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি নির্ধারিত সময়ের চেয়ে দ্রুত গতিতে এগোচ্ছে। ফলে বুধবার ভোররাত ২টা থেকে ৪টার মধ্যেই এটি স্থলভাগে আঘাত হানতে শুরু করে। আবহাওয়া বিভাগের সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী, ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের বাপাতলা এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলীয় এলাকা অতিক্রম করবে।