জনসমক্ষে বিবৃতি দিয়ে নির্বাচন কমিশন (ইসি) যা বলেছিল, সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করে সেই কথাই তারা জানাল। হলফনামায় কমিশন বলেছে, ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে যে তিনটি নির্দেশ জারি করা হয়েছে, প্রতিটিই সর্বসম্মতভাবে গৃহীত। কোনো সিদ্ধান্তই মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার একা নেননি।
হলফনামায় বলা হয়েছে, কমিশনের অভ্যন্তরে মতবিরোধের যে অভিযোগ উঠেছে, তা অসত্য। কোনো কোনো বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এমন হয়েই থাকে। কিন্তু মতপার্থক্যের অর্থ মতবিরোধ নয়। আলোচনা শেষে সব সিদ্ধান্তই ঐকমত্যের ভিত্তিতে গৃহীত।