নরেন্দ্র মোদি সরকারের তৈরি আইনের বিরোধিতায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সরকারপন্থী হিসেবে পরিচিত সাংবাদমাধ্যম, যাকে ভারতে ‘গোদি মিডিয়া’ও ডাকা হয়। অন্ধ মোদিভক্ত বলে যেসব সংবাদমাধ্যম কয়েক বছর ধরে একাংশের কাছে চিহ্নিত, যাদের মালিক মুকেশ আম্বানি ও গৌতম আদানিরা, তারাও ওই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে। বলেছে, এই আইনের বিধি বদল না হলে তথ্যানুসন্ধানী সাংবাদিকতা বলে কিছুই আর অবশিষ্ট থাকবে না। নিউজরুম বন্ধ হয়ে যাবে।
ভারতের ২১টি ডিজিটাল সংবাদমাধ্যমের সংগঠন ডিজিটাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশন (ডিএনপিএ) আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় ওই আইন চ্যালেঞ্জ করে মামলা করেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার এজলাস এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে নোটিস পাঠিয়েছেন। ১৭ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।