যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল সেখানে জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে। গতকাল সোমবার প্রকাশিত জাতিসংঘের একটি কমিশনের প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে। তবে যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েল সরকার এই প্রতিবেদনকে ‘অপতথ্য ছড়ানোর প্রচারণা’ বলে প্রত্যাখ্যান করেছে।
পূর্ব জেরুজালেমসহ অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড এবং ইসরায়েলসংক্রান্ত জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের এই প্রতিবেদনে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ফিলিস্তিনি শিশুদের ওপর চালানো মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো পরীক্ষা করে দেখা হয়েছে।