এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তরুণের। দেখা করতে গিয়েছিলেন প্রেমিকার সঙ্গে। তখন চুমু দিয়েছিলেন। এ ঘটনায় মেয়ের বাড়ির লোকেরা রেগে আগুন। পাকড়াও করা হয় ওই তরুণ আর তাঁর বন্ধুকে। ডেকে আনা হয় প্রেমিকের বাবাকেও।
এর পরের ঘটনাটি আরও ভয়ংকর। ওই তিনজনকে উলঙ্গ করে প্রকাশ্য রাস্তায় হাঁটানো হয়। করা হয় সেটার ভিডিও।
ঘটনাটি গত রোববারের। ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ কলকাতার জনবহুল বেহালা এলাকায়। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তে নেটমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। ঘটনাটি জায়গা পেয়েছে পুরো ভারতের বিভিন্ন মূলধারার গণমাধ্যমেও।