ভারতের দিল্লির ব্যবসায়ীদের উদ্বেগের জবাব দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বলেন, ‘মোদিজিকে বলুন জ্ঞানেশ কুমারকে বরখাস্ত করতে। ৩০ সেকেন্ডের মধ্যে তাহলে এই বিক্ষোভ, এই আন্দোলন বন্ধ হয়ে যাবে।’
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা এবং এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট, ককরোচ জনতা পার্টি এবং যুব–ছাত্র আন্দোলনে মধ্য দিল্লির ব্যবসায়ী মহলে চিন্তিত। পরবর্তী আন্দোলন ‘ইন্ডিয়া’ জোটের ডাকে রামলীলা ময়দান অভিযান। ১ নভেম্বরের প্রস্তাবিত সেই আন্দোলন কিছুদিন স্থগিত রাখতে দিল্লির ব্যবসায়ীদের এক সংগঠন ‘চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (সিটিআই) সম্প্রতি রাহুল গান্ধীকে খোলাচিঠি লিখেছেন। সেই চিঠিতেই উৎসব মৌসুম পর্যন্ত ওই সমাবেশ বন্ধ রাখার অনুরোধ জানানো হয়। আজ মঙ্গলবার ভোরে রাহুল তারই জবাব দিয়েছেন।