ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো প্রায় এক বছর পর গতকাল রোববার দেশে ফিরেছেন। এর আগে তিনি দেশে ফেরার জন্য বেশ কয়েকবার ব্যর্থ চেষ্টা করেছিলেন। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে তাঁর সম্পর্কের কিছুটা অবনতি হয়েছিল।
‘আমি এখানে এসেছি। তোমাদের সবার সঙ্গে আছি,’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এমনটাই লিখেছেন শান্তিতে নোবেলজয়ী এই নেতা।
মাচাদোর প্রেস টিমের শেয়ার করা ছবিতে দেখা যায়, তিনি পশ্চিমাঞ্চলীয় লারা রাজ্যের একটি গির্জায় উপস্থিত হয়েছেন। একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, একটি এসইউভি (জিপ) গাড়িতে করে যাওয়ার সময় উপস্থিত জনতা জাতীয় সংগীত গেয়ে এবং ‘মুক্তি’ বলে স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান।