World
বিরোধী আন্দোলনে দিশাহারা অমিত শাহ গেলেন পুলিশ সদর দপ্তরে
চার বছর পর দিল্লি পুলিশের সদর দপ্তরে গিয়ে তিন ঘণ্টা ধরে মিটিং করে কী বোঝালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? এটাই কি যে জ্ঞানেশ কুমার ও এসআইআরবিরোধী লাগাতার আন্দোলনে কেন্দ্রীয় সরকার, দিল্লি পুলিশ ও স্থানীয় প্রশাসন
লেখক সৌম্য বন্দ্যোপাধ্যায়53K বার পড়া

চার বছর পর দিল্লি পুলিশের সদর দপ্তরে গিয়ে তিন ঘণ্টা ধরে মিটিং করে কী বোঝালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? এটাই কি যে জ্ঞানেশ কুমার ও এসআইআরবিরোধী লাগাতার আন্দোলনে কেন্দ্রীয় সরকার, দিল্লি পুলিশ ও স্থানীয় প্রশাসন ভীত? বিরোধীদের এই নতুন চ্যালেঞ্জের মোকাবিলা তাদের কাছে প্রকৃত পরীক্ষা?
গতকাল শনিবার অমিত শাহ যখন কনট প্লেসের কাছে জয় সিং মার্গে দিল্লি পুলিশের সদর দপ্তরে বৈঠক করতে যান, তখনো বিরোধী জোট ‘ইন্ডিয়া’ তাদের ৩০ অক্টোবরের ‘জনতার ইমপিচমেন্ট’ কর্মসূচির কথা আনুষ্ঠানিকভাবে জানায়নি। যদিও এটা জানা ছিল, ১ নভেম্বর রামলীলা ময়দানের জনসভা তারা করছে। সেখানে লক্ষাধিক মানুষের সমাগম হবে, পুলিশি গোয়েন্দাদের এই অনুমানের কথাও জানা ছিল। কীভাবে তার মোকাবিলা করা হবে, আইনশৃঙ্খলা রক্ষা করা যাবে, সমাবেশের জেরে আশপাশের জনজীবন যাতে স্তব্ধ না হয়, তা নিশ্চিত করা যাবে, ব্যারিকেড না লাগিয়ে যান চলাচল চালু রাখা এবং সন্দেহভাজন দুষ্কৃতকারীদের আগে থেকে আটক করা হবে কি না—এসব আলোচনা করাই ছিল ওই বৈঠকের উদ্দেশ্য। কিন্তু যা নিছকই পুলিশের দায়, সেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি কী বোঝায়? শুধু অমিত শাহই নন, শনিবারের ওই বৈঠকে বিজেপিশাসিত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তও হাজির ছিলেন। অতীতে যা কখনো দেখা যায়নি। এই তৎপরতা কী বোঝায়, সেটাই ছিল শনিবারের সন্ধ্যার রাজনৈতিক আলোচ্য বিষয়। স্পষ্টই বোঝা যাচ্ছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘জেন–জি’ ও বিরোধীদের আন্দোলন এবং ইন্ডিয়া জোটের রামলীলা ময়দানের প্রস্তাবিত জনসভা কেন্দ্রীয় সরকারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।



