‘এভাবে হাল ছেড়ে দেওয়া যায় না, আমাদেরকে রাজপথে ফিরতেই হতো।’ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে এ কথা বলেন এমিলি গ্রঁদ্রি নামের এক ফরাসি মা। বিক্ষোভে যোগ দিয়ে গত সপ্তাহে তিনি কাঁদানে গ্যাসের মুখে পড়েছিলেন। তবুও সন্তানকে আগলে রাখতে শনিবার আবারও মিছিলে যোগ দেন। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও শিক্ষাব্যবস্থার সংকটের প্রতিবাদে এ দিন ফ্রান্সজুড়ে রাজপথে নামেন লাখো মানুষ।
এমিলির ১৫ বছর বয়সী ছেলে অ্যারন বলেন, ‘আমাদের স্কুল ভবন জরাজীর্ণ। শিক্ষকেরও তীব্র সংকট চলছে। অথচ সরকার এসব বিষয়ে সম্পূর্ণ উদাসীন।’ মিছিলে পুলিশের বাধা দেওয়াকে নিছক ক্ষমতার অপব্যবহার বলে উল্লেখ করে সে।