জলবায়ু সংকট ও নানা রোগবালাইয়ের কারণে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফল কলা হুমকির মুখে পড়েছে। তবে গবেষকেরা সম্প্রতি দাবি করেছেন, প্রজননপ্রযুক্তির নতুন এক অগ্রগতির মাধ্যমে ক্যাভেন্ডিশ জাতের কলার টিকে থাকা নিশ্চিত করা যেতে পারে।
বিশ্বে টমেটোর পর সবচেয়ে বেশি খাওয়া ফল হলো কলা। বছরে বিশ্বে প্রায় ১৩ কোটি ৯০ লাখ টন কলা উৎপাদিত হয়।
কলার এক হাজারের বেশি জাত রয়েছে, তবে বিশ্বের বেশির ভাগ মানুষের ফলের পাত্রে মূলত ক্যাভেন্ডিশ জাতের কলাই দেখা যায়। ১৯৫০-এর দশক থেকে পানামা রোগের শিকার হয়ে হারিয়ে যায় ‘গ্রোস মিশেল’ জাতের কলা। এরপর বাজার দখল করে নিয়েছে এই ‘ক্যাভেন্ডিশ’।