লিভারপুলকে লিভারপুলের মাঠে হারাতে কেমন লাগে সেটি ভুলতেই বসেছিলেন আর্সেনালের সমর্থকেরা। ভুলতে বসা সেই স্বাদই আজ পেলেন তাঁরা। তাঁদের দল যে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচের অ্যানফিল্ডে লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে। ১৪ বছর পর অ্যানফিল্ড জয় করল আর্সেনাল। ১৬ মিনিটে কাই হাভার্টজের করা গোলটি ধরে রেখেই জিতেছে গানাররা। আর এই জয়ে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে মিকেল আরতেতার আর্সেনাল।
ম্যাচের ১৬ মিনিটে স্বাগতিকদের রক্ষণভাগের এক মারাত্মক ভুল কাজে লাগায় আর্সেনাল। নিজেদের বক্স থেকে বল বের করতে গিয়ে লিভারপুল খেই হারালে বল পেয়ে যান ডেকলান রাইস। তাঁর নিচু ক্রসে দারুণ এক ট্যাপ-ইন করে গানারদের এগিয়ে দেন জার্মান স্ট্রাইকার কাই হাভার্টজ।