আম্পায়ারের পকেটে কী থাকে? একটা কয়েন, হয়তো একটা রুমাল। কখনো ক্যাপ। কিন্তু ওয়াসিম আকরামের সময় আম্পায়ারদের পকেটে মাঝেমধ্যে জায়গা করে নিত কয়েকটা মিষ্টি। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ভয়ংকর বাঁহাতি পেসার বোলিং মার্কে যাওয়ার আগে আম্পায়ারের হাতে মিষ্টি দিয়ে যাচ্ছেন, দৃশ্যটা একটু অদ্ভুতই। কেন দিতেন? কারণটা জানলে হাসি মিলিয়ে যাবে।
যে মানুষটা বল হাতে ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নিতেন, তিনি নিজেই তখন লড়ছিলেন এক অদৃশ্য শত্রুর সঙ্গে। নিজের শরীরের সঙ্গে। রক্তে শর্করার ওঠানামার সঙ্গে। আত্মজীবনী ‘সুলতান: আ মেমোয়ার’-এ ওয়াসিম আকরাম লিখেছেন, ‘আম্পায়ারদের কাছে কয়েকটা মিষ্টি রেখে দিলে মাঝেমধ্যে কাজে দিত, যদি হঠাৎ আমার রক্তে শর্করা কমে যায়।’