ফুটবল মাঠে কিলিয়ান এমবাপ্পের পায়ের জাদুতে মুগ্ধ চীনের লাখ লাখ মানুষ। সেই এমবাপ্পেই এখন চীনে বিতর্কের কেন্দ্রে। তাঁর মুখ বসানো ছবি একসময় বিজ্ঞাপনের বিলবোর্ডে শোভা পেত। কোমল পানীয়র বোতলেও দেখা যেত তাঁর হাসিমুখ। এখন সেই ছবি সরিয়ে নেওয়া হচ্ছে। বন্ধ হয়ে গেছে স্প্যানিশ লা লিগার সম্প্রচারও। কেন? একটি রসিকতা!
চীনের সাবেক নেতা মাও সে তুংকে নিয়ে রসিকতা করে বিপদে পড়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠার পর ক্ষমা চেয়েছেন এমবাপ্পে। তাতেও বিতর্ক থামেনি। শেষ পর্যন্ত আজ বুধবার চীনের জনগণের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হয়েছে রিয়াল মাদ্রিদকেও।