মারাকানার সেই রাতটা লিওনেল স্কালোনির জীবনে চিরকালই বিশেষ হয়ে থাকবে। ২০২১ সালের ১০ জুলাই। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে তাদেরই মাঠে হারিয়ে ২৮ বছরের অপেক্ষা ঘুচিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। কোচ হিসেবে প্রথম বড় শিরোপা জয়ের আনন্দে ভাসছেন স্কালোনি। অথচ সেই আনন্দের মধ্যেও তাঁর মনে অন্য এক চিন্তা। অসুস্থ মা।
সেদিন ঐতিহাসিক জয়টা মাকেই উৎসর্গ করেছিলেন স্কালোনি। বলেছিলেন, ‘এই জয়টা আমি আমার মাকে উৎসর্গ করতে চাই। কয়েক দিন আগে তাঁর বেশ গুরুতর শারীরিক সমস্যা হয়েছিল। তিনি সেই সমস্যা কাটিয়ে ওঠার লড়াই করছেন।’