একসময় ব্যালন ডি’অরের মঞ্চে ব্রাজিলিয়ানদের ছিল রাজকীয় উপস্থিতি। রোনালদো, রিভালদো, রোনালদিনিও, কাকা। একের পর এক নাম। একেকজন ফুটবলের জাদুকর। তাঁদের পায়ের শিল্পে মুগ্ধ হয়েছে পৃথিবী। বিশ্বসেরার সোনালি বলটাও উঠেছে তাঁদের হাতে। সেই দিন কোথায় হারিয়ে গেল!
লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে পরশু রাতের ব্যালন ডি’অর অনুষ্ঠান যেন সেই হারানো দিনের কথাই মনে করিয়ে দিল। মঞ্চে উঠলেন রোনালদো নাজারিও। ছেলেদের ব্যালন ডি’অর ট্রফি তুলে দিতে। সঞ্চালক ও ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরির সে কী উচ্ছ্বাস! বড় পর্দায় দেখানো হলো রোনালদোর বর্ণাঢ্য অতীত। দৃশ্যটা প্রতীকীও বটে। ব্যালন ডি’অরের মঞ্চে ব্রাজিল এখন বেঁচে আছে অতীতের আলোয়। বর্তমানটা বড় বিবর্ণ।