টসের আগে ওয়ার্মআপে কিপিং করতে দেখা গেল জাকের আলীকে। তাহলে কি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে লিটন দাস খেলবেন না! টসের পর জানা গেল, চোট কাটিয়ে ওঠা আজ থেকে শুরু হওয়া টেস্টে লিটন খেলছেন। তাতে একটু স্বস্তিই পাওয়ার কথা বাংলাদেশ দলের। কিন্তু সেটিও যেন উড়ে গেল মুহূর্তেই।
কারণ, চোটের জন্য খেলছেন না দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। তাঁর জায়গায় খেলছেন তাওহিদ হৃদয়। গতকাল নেটে ব্যাটিং অনুশীলনের সময় আঙুলে বল লাগে মুশফিকের। ব্যথায় কাতরে সঙ্গে সঙ্গে নেটের পাশে বসে পড়েন। প্রায় আধা ঘণ্টা মিরপুরের একাডেমি মাঠে শুশ্রূষার পর হাতে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যান।