প্রশ্নটা শুরুতেই করতে হচ্ছে—মিরপুর টেস্ট হবে কার? বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, নাকি ‘অর্ণবে’র! এই টেস্টে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
আবহাওয়ার পূর্বাভাস ‘অর্ণব’, মানে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের দিকেও কিছুটা হেলে আছে। আজ টেস্টের প্রথম দিন বৃষ্টি হতে পারে ঢাকায়। গতকাল পর্যন্ত বৃষ্টির শঙ্কা দেখা যাচ্ছিল পরের দুই দিনেও।
বাংলাদেশ কোনোভাবেই চাইবে না, এই টেস্টে ‘অর্ণবে’র বাধা আসুক বা টেস্টটি ওয়েস্ট ইন্ডিজের হয়ে যাক। আগামী ১৪ জুন লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু।
পয়েন্ট তালিকায় চারে থাকা বাংলাদেশের ফাইনালে যেতে হলে বর্তমান চক্রে হাতে থাকা ছয় টেস্টের অন্তত চারটিতে জিততেই হবে, যার শুরুটা তারা করতে চাইবে এই টেস্ট দিয়ে। পয়েন্ট তালিকায় আটে থাকায় ওয়েস্ট ইন্ডিজের অবশ্য সে রকম কোনো চাপ নেই। সেরা পাঁচে থেকে চক্র শেষ করতে পারলেই তারা খুশি। তাতে অন্তত বাড়তি কিছু আর্থিক সুবিধা তো মিলবে!