বার্সেলোনার উত্তরে ছোট্ট এক শহর। নাম মোলেত দেল ভালেস। সেখানকার রাস্তায় ফুটবল খেলত এক ছোট্ট মেয়ে। বাড়িতে টেলিভিশনে ফুটবল চলত প্রায় সারাক্ষণ। মেয়েটি মুগ্ধ হয়ে দেখত আন্দ্রেস ইনিয়েস্তার পায়ের জাদু। রিভালদো আর রোনালদিনহোর ফুটবলও তাকে টানত চুম্বকের মতো। সুযোগ পেলেই ছুটে যেত ক্যাম্প ন্যুতে। বার্সেলোনার খেলা দেখতে।
সেই মেয়েটি একদিন বার্সেলোনারই রানি হয়ে গেল। আলেক্সিয়া পুতেয়াস।
ফুটবল বিশ্ব তাঁকে ডাকে ‘লা রেইনা’ নামে। স্প্যানিশ ভাষায় যার অর্থ ‘রানি’। কিন্তু রানির জীবনেও তো দুঃসময় আসে। মুকুট হারানোর ভয় থাকে। কখনো কখনো সিংহাসনটাই নড়ে যায়।