ব্যালন ডি’অর: স্পেনের জয়জয়কার, কেইন সেরা স্ট্রাইকার
বছরের সেরা স্ট্রাইকারের ট্রফি দিতে মঞ্চে এলেন ইংল্যান্ড কিংবদন্তি অ্যালান শিয়ারার ও অভিনেত্রী সোফি টার্নার।
লেখক খেলা ডেস্ক··84K বার পড়া
ব্যালন ডি’অর: স্পেনের জয়জয়কার, কেইন সেরা স্ট্রাইকার
বছরের সেরা স্ট্রাইকারের ট্রফি দিতে মঞ্চে এলেন ইংল্যান্ড কিংবদন্তি অ্যালান শিয়ারার ও অভিনেত্রী সোফি টার্নার।
মেক্সিকান ক্লাব পাচুয়া নারী দলের স্ট্রাইকার শার্লিন কোরাল জিতেছেন বর্ষসেরা স্ট্রাইকারের ট্রফি।
ছেলেদের বর্ষসেরা স্ট্রাইকারের ট্রফি বায়ার্ন মিউনিখ তারকা হ্যারি কেইনের। মঞ্চে কেইন ওঠার সঙ্গে সঙ্গে শিষের আওয়াজ বাড়ল। বর্ষসেরা ফুটবলারের ট্রফি জয়ের যে বড় দাবিদার!
গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেন কেইন।
ম্যাচ থাকায় পিএসজি প্রতিনিধি দল পাঠাতে পারেনি। তাঁদের পক্ষ থেকে ছেলেদের বর্ষসেরা ক্লাবের ট্রফি নিলেন উসমান দেম্বেলে। গত বছর ব্যালন ডি’অর জেতেন পিএসজি তারকা।
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ট্রফি ধরে রাখার পাশাপাশি ঘরোয়া লিগ শিরোপাও ধরে রেখেছে লুইস এনরিকের পিএসজি। টানা দ্বিতীয় বছর ট্রফিটি জিতল।
ব্রাজিলের কিংবদন্তি সক্রেটিসের নামে এ ট্রফিটি দেওয়া শুরু হয় ২০২২ সালে। মানবহিতকর কাজে অবদানের জন্য এই ট্রফি দেওয়া হয়। এবার পেলেন ইংল্যান্ড ও আর্সেনাল তারকা বুকায়ো সাকা। নাইজেরিয়ান গায়ক বার্না বয়ের কাছ থেকে ট্রফি নিলেন সাকা।
মঞ্চে রুয়ান্ডার ১৪ বছর বয়সী এক শিশুর চিঠি পড়ে শোনান সাকা। একদিন সে ইংরেজির শিক্ষক হতে চায়।
মঞ্চে চেক প্রজাতন্ত্রের কিংবদন্তি গোলকিপার পিটার স্মাইকেল। তাঁর কাছ থেকে ছেলে ও মেয়েদের ক্যাটাগরিতে সেরা গোলকিপারের ট্রফি নিলেন দুজন স্প্যানিশ।
স্পেন নারী দলের গোলকিপার কাতা কোল ও স্পেন ছেলেদের দলের গোলকিপার উনাই সিমোন।
২০২৬ ব্যালন ডি’অরের কোনো কিছু এখনো স্পেনের বাইরে যেতে পারেনি। সব ট্রফিই স্প্যানিশদের!
স্পেনের জয়জয়কার!
ছেলেদের বর্ষসেরা কোচ লুইস দে লা ফুয়েন্তে। রাফা বেনিতেজের কাছ থেকে ট্রফি নিলেন। স্পেনকে ইউরো ও বিশ্বকাপ জিতিয়েছেন দে লা ফুয়েন্তে।
ছেলে ও মেয়েদের ক্যাটাগরিতে তরুণ উদীয়মান বর্ষসেরা ট্রফি জিতেছেন দুজন স্প্যানিশ। মেয়েদের ক্যাটাগরিতে বর্ষসেরা কোচের ট্রফিও জিতেছেন একজন স্প্যানিশ। এবার একই ক্যাটাগরিতে ছেলেদের ট্রফিও জিতছেন স্প্যানিশ দে লা ফুয়েন্তে।
মনোনয়ন পাওয়া পাঁচ কোচের মধ্যে চারজনই ছিলেন স্প্যানিশ।
মঞ্চে দাঁড়িয়ে দে লা ফুয়েন্তে বলেন,‘এই পুরস্কার সম্মানের। মনোনয়ন পাওয়াটাই ছিল একটা পুরস্কার। মনোনয়ন পাওয়া বাকিদেরও অভিবাদন জানাই। আমার এ পুরস্কার গোটা দলের জন্য। দুনিয়ার সেরা কোচিং স্টাফের জন্য।’
প্রথম তিনটি পুরস্কারই উঠল বার্সার ঘরে!
ইয়ামাল জিতলেন ছেলেদের সেরা উদীয়মান তরুণ খেলোয়াড়ের ট্রফি। ভিকি লোপেজ একই ট্রফি জিতলেন মেয়েদের ক্যাটাগরিতে। এর মেয়েদের ফুটবলে বর্ষসেরা কোচের ট্রফি জিতলেন বার্সা নারী দলের কোচ পেরে রোমেউ।
লিভারপুলের সাবেক কোচ রাফা বেনিতেজের কাছ থেকে ট্রফিটি নিলেন রোমেউ। এক স্প্যানিশ ট্রফি দিলেন আরেক স্প্যানিশকে।
এখন পর্যন্ত স্পেনের জয়জয়কার!
ইংল্যান্ডের ফুটবলার লুসি ব্রোঞ্জের কাছ থেকে মেয়েদের উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার নিলেন বার্সেলোনার ২০ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ভিকি লোপেজ।
ইউক্রেন কিংবদন্তি আন্দ্রে শেভচেঙ্কোর হাত থেকে ছেলেদের ২০২৬ তরুণ উদীয়মান খেলোয়াড়ের ট্রফি নিলেন ১৯ বছর বয়সী লামিনে ইয়ামাল।
ইয়ামাল অল্প কথায় বক্তব্য সারার পর তাঁকে অদ্ভুত এক প্রশ্ন করলেন অঁরি, ‘এই পুরস্কারটা সত্যিই চেয়েছিলে?’
ইয়ামাল বেশ লাজুক চাহনিতে বক্তব্য সারলেন। সবাই বুঝে নিলেন, ইয়ামাল আসলে ব্যালন ডি’অরের অপেক্ষায়।
নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর শুরু হলো মূল অনুষ্ঠান।
ব্রিটিশ গায়িকা জোর্জা স্মিথের পারফরম্যান্সের পর মঞ্চে পা রাখলেন দুই সঞ্চালক থিয়েরি অঁরি ও কেট স্কট।
দুবার বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোকে লাল গালিচার এক সঞ্চালক জিজ্ঞেস করলেন,‘এবার কে জিততে পারে?’
রোনালদোর উত্তর,‘আমি দেওয়ার সময় দেখতে পাবেন।’
পাল্টা প্রশ্ন হলো,‘জানেন তাহলে কে জিতছেন?’
রোনালদো সারলেন এক কথায়,‘না।’
পাশের সঞ্চালকরা বললেন,‘সে অবশ্য জানে!’
ব্যালন ডি’অরে লাল গালিচা পর্ব এখনো চলছে। মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত ২টায়। কিন্তু এখনো মূল অনুষ্ঠান শুরু হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ‘তৃতীয়বারের মতো আমাদের বলা হলো, কিছুক্ষণের মধ্যেই আমরা (অনুষ্ঠান) শুরু করব।’
লাল গালিচায় দাঁড়িয়ে বললেন কেইন, ‘একটু নার্ভাস। মিথ্যে বলব না। এটা ম্যাচের থেকে আলাদা কারণ আমার নিয়ন্ত্রণের বাইরে।’
সে তো বটেই! ব্যালন ডি’অর বিজয়ী নির্ধারিত হয় ভোটে। আর কেইন মাঠে ম্যাচের ভাগ্য ঠিক করেন নিজে।
মেসি, এমবাপ্পে ও ইয়ামালের পরে এলেন হ্যারি কেইন। সঙ্গে তাঁর স্ত্রী। জটলা থেকে কেউ একজন বায়ার্ন মিউনিখ তারকাকে দেখে বলে উঠলেন, ‘ব্যালন ডি’অর’!
আসলেই কি এটাই হতে যাচ্ছে? বাতাসে জোর গুঞ্জন!
ভালো কথা, এবার ব্যালন ডি’অর গালায় সঞ্চালক ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি ও ব্রিটিশ সম্প্রচারক কেট স্কট।
গত বছর ব্যালন ডি’অর জয়ী ফরাসি তারকা ওসমান দেম্বেলেও লাল গালিচায় পা রাখলেন। স্যুট ও সানগ্লাসে দারুণ লাগছে!
কিলিয়ান এমবাপ্পেকে দেখা গেল এক ঝলক। লামিনে ইয়ামালও এসেছেন। দুজনেই এবার ব্যালন ডি’অর জয়ে ফেবারিট।
ইয়ামাল মনোনয়ন পাওয়াদের মধ্যে সর্বকনিষ্ঠ। লিওনেল মেসি সবচেয়ে বয়স্ক।
সাবেকদের মধ্যে রোনালদো নাজারিও ও লুইস ফিগোকে দেখা গেল। দুজনেই সাবেক ব্যালন ডি’অর জয়ী।