সাফ চ্যাম্পিয়নশিপের শুরুতেই দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাচ্ছে না বাংলাদেশ। হামজা চৌধুরীর না থাকার বিষয়টি আগেই নিশ্চিত হয়েছিল। এবার সেই তালিকায় যোগ হলো ফারহান আলীর নামও। আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না এই দুই প্রবাসী ফুটবলার।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাফের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে আজ। আগামীকাল থেকে জাতীয় স্টেডিয়ামে শুরু হবে মাঠের অনুশীলন। তার আগে আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হামজা ও ফারহানের প্রথম ম্যাচে না থাকার বিষয়টি জানিয়েছেন জাতীয় দলের কোচ টমাস ডুলি।
তবে আশার কথাও শুনিয়েছেন বাংলাদেশ কোচ। হামজা ও ফারহান ৯ নভেম্বর দলের সঙ্গে যোগ দিতে পারেন। সে ক্ষেত্রে ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাঁদের পাওয়ার আশা করছেন ডুলি।