ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হলেও তাতে ওপেনার রাখা হয়েছে মাত্র দুজন। তানজিদ হাসান আর সাদমান ইসলাম বাদে আর কাউকে না রেখে অন্যদের জাতীয় ক্রিকেট লিগে পরখ করতে চান বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।
সম্ভাব্য সেই বিকল্প ওপেনারদের মধ্যে দুজন আজ জাতীয় ক্রিকেট লিগে ডাবল সেঞ্চুরি করেছেন। ট্রিপল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে মোহাম্মদ নাঈম আউট হয়েছে ২৮২ রান করে। ক্যারিবীয়দের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলা মাহফিজুল ইসলাম খেলেছেন ২১৭ রানের অপরাজিত ইনিংস। এ ছাড়া জাকির হাসান সেঞ্চুরি করে এই মুহূর্তে ব্যাট করছেন।