রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। তবে নিজের গড়া রেকর্ড নিজেই ভাঙার আনন্দটা নিশ্চয়ই একটু অন্য রকম। সেই আনন্দে ভাসলেন বাংলাদেশ নৌবাহিনীর রিংকি বিশ্বাস। মেয়েদের ৫০০০ মিটার দৌড়ে নিজের জাতীয় রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন এই অ্যাথলেট। তাঁরই সতীর্থ প্রিয়া আক্তার আবার মেয়েদের ৩০০০ মিটার দৌড়ে ভেঙেছেন রিংকির পুরোনো রেকর্ড।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকসের দ্বিতীয় দিনে আজ এমন দুটি জাতীয় রেকর্ড হয়েছে। সব মিলিয়ে প্রতিযোগিতার প্রথম দুই দিনেই সাতটি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন দেশের অ্যাথলেটরা।