রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মানসিক স্বাস্থ্যকেন্দ্রে ৯ বছরের ব্যবধানে সেবাগ্রহীতার সংখ্যা বেড়েছে সাড়ে তিন গুণ। তবে সেই অনুপাতে বাড়েনি জনবল। সীমিত জনবল দিয়েই বাড়তি সেবাপ্রত্যাশীদের চাপ সামলাতে হচ্ছে কেন্দ্রের কর্মীদের। এতে জরুরি প্রয়োজনের সময় সেবা পেতে অপেক্ষা করতে হচ্ছে মানসিক সংকটে থাকা শিক্ষার্থীদের।
এমনই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী। নাম প্রকাশ না করা এই শিক্ষার্থী একসময় গবেষণা, খেলাধুলাসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় ছিলেন। প্রেমের সম্পর্কের টানাপোড়েনে মানসিকভাবে ভেঙে পড়েন। পরে মানসিক স্বাস্থ্যকেন্দ্রের শরণাপন্ন হন। তিনি বলেন, ‘ফরম পূরণের এক সপ্তাহ পর আমাকে সেশন দেওয়া হয়। কিন্তু আমার পরিস্থিতি এতই খারাপ ছিল যে ওই দিনই আমাকে সেবা দেওয়া উচিত ছিল।’