২০২৭ শিক্ষাবর্ষের বিনা মূল্যের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মধ্যে বিতরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট ও গাইড এবং অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখতে মুদ্রণ প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নির্দেশনাপত্রটি ১৯ নভেম্বর জারি হলেও তা আজ রোববার গণমাধ্যমকে অবহিত করা হয়।
এনসিটিবি সূত্রে জানা গেছে, আগামী শিক্ষাবর্ষে প্রাক্-প্রাথমিক থেকে নবম-দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য প্রায় ৩১ কোটি পাঠ্যবই ছাপা হচ্ছে। এর মধ্যে মাধ্যমিক স্তরের বই ২২ কোটির বেশি এবং প্রাথমিক স্তরের বই প্রায় ৮ কোটি ২১ লাখ ৬৭ হাজার। সব মিলিয়ে বই ছাপা ও সরবরাহে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৮৭৯ কোটি টাকা।