দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিতর্কিত সাবেক মহাপরিদর্শক (সাবেক আইজিপি) বেনজীর আহমেদের ঘনিষ্ঠ হিসেবে বহুল আলোচিত পুলিশ পরিদর্শক তৈমুর ইসলামও। তাঁর মতো অতীতে বিতর্কের মুখে পড়া আরও দুই কর্মকর্তাও এই তালিকায় রয়েছেন। বিতর্কের কারণে এই তিনজনই এত দিন বিভিন্ন রেঞ্জে সংযুক্ত (ক্লোজড) অবস্থায় ছিলেন।
রোববার (২২ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে তৈমুরসহ ১০ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে ওই তিন পরিদর্শকের আগের সংযুক্তির আদেশও বাতিল করা হয়েছে।