Money
নুডলসের চার হাজার বছরের বিশ্বভ্রমণ, চীনের রাজপ্রাসাদ থেকে বাঙালির রান্নাঘর
স্কুলফেরত শিশুর মুখে হাসি ফোটানো কিংবা ব্যাচেলর–জীবনের রাত জাগা প্রজেক্টের সঙ্গী—সবখানেই নুডুলসের বিকল্প মেলা ভার। বৃষ্টিমুখর বিকেলে ধোঁয়া ওঠা এক বাটি গরম নুডলস যেন পরম তৃপ্তির নাম। একসময় যা ছিল নিছকই এক ভিনদেশি শৌখিন খ
লেখক লেখা:15K বার পড়া

স্কুলফেরত শিশুর মুখে হাসি ফোটানো কিংবা ব্যাচেলর–জীবনের রাত জাগা প্রজেক্টের সঙ্গী—সবখানেই নুডুলসের বিকল্প মেলা ভার। বৃষ্টিমুখর বিকেলে ধোঁয়া ওঠা এক বাটি গরম নুডলস যেন পরম তৃপ্তির নাম। একসময় যা ছিল নিছকই এক ভিনদেশি শৌখিন খাবার, তা বেশ কিছুদিন ধরে বাঙালির প্রাত্যহিক খাদ্যতালিকার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। কিন্তু কীভাবে এই লম্বাটে ও প্যাঁচানো খাবারটি বিশ্বজয়ের সীমানা পেরিয়ে আমাদের রান্নাঘরে স্থান করে নিল? কেমন ছিল এর বৈশ্বিক ইতিহাস; আর কীভাবেই–বা বাংলাদেশে গড়ে উঠল হাজার কোটির বাজার?
নুডলসের জন্মস্থান নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানা বিতর্ক থাকলেও বর্তমানে তাঁরা প্রায় একমত যে এর আসল উৎপত্তিস্থল চীন। ২০০৫ সালে উত্তর-পশ্চিম চীনের লাজিয়া এলাকায় প্রত্নতাত্ত্বিক খননে উদ্ধার করা হয় প্রায় চার হাজার বছরের পুরোনো এক বাটি নুডলসের জীবাশ্ম। প্রাচীন হান রাজবংশের আমলে এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। পরবর্তী সময়ে বিখ্যাত সিল্ক রোড ধরে এই খাবার ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে। বলা হয়ে থাকে, বিখ্যাত পর্যটক মার্কো পোলো চীন থেকে ইতালিতে নুডলস নিয়ে গিয়েছিলেন, যা থেকে জন্ম নেয় বিখ্যাত ‘পাস্তা’। তবে বিশ্বজুড়ে নুডলসের আধুনিক রূপ বা ‘ইনস্ট্যান্ট নুডলস’-এর বিপ্লব ঘটে জাপানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ–উত্তর জাপানে দেখা দিয়েছিল তীব্র খাদ্যসংকট। সেই পরিস্থিতি মেটাতে ১৯৫৮ সালে মোমোফুকু আন্ডো নামের এক জাপানি আবিষ্কার করেন ‘চিকেন রামেন’। ফুটন্ত গরম পানিতে মাত্র কয়েক মিনিটে তৈরি হয়ে যাওয়া এই উদ্ভাবন পুরো বিশ্বের খাদ্যাভ্যাসে এনে দেয় এক নীরব পরিবর্তন।



