নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও পরিচালন খরচ বাড়লেও খাবারের দাম বাড়াতে পারছেন না রেস্তোরাঁমালিকেরা। দাম বাড়াতে গেলে জেলা প্রশাসন হস্তক্ষেপ করছে। এদিকে দ্রব্যের মূল্যবৃদ্ধিতে রেস্তোরাঁয় বিক্রি ৩০ শতাংশ পর্যন্ত কমেছে—এমন দাবি করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।
এ পরিস্থিতিতে খাবারের দাম সমন্বয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ বন্ধ, সম্পূরক শুল্ক ও উৎসে কর প্রত্যাহার এবং রেস্তোরাঁ ব্যবসার জন্য একক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি।
রেস্তোরাঁ খাতের সংকট মোকাবিলায় আজ শনিবার পল্টনের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে ৯ দফা দাবি তুলে ধরে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। বক্তব্য তুলে ধরেন সংগঠনটির মহাসচিব ইমরান হাসান।